গত জুনে ইসরায়েলের হামলায় ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি স্থাপনায় আগুন ধরে যায়। ১৪ জুন প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া
ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আজ বুধবার ভোরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের কয়েকটি সংবাদমাধ্যম ও ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এক টেলিগ্রাম বার্তায় জানায়, হামায় স্থাপনাটিতে আগুন ধরে গেছে এবং উদ্ধারকারী ও ফায়ার সার্ভিস কর্মীরা বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন।
উল্লেখ্য, ইরানের সাউথ পার্স বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র। যেখানে ইরান ও কাতার উভয় দেশের গ্যাস উত্তোলন-বিষয়ক স্থাপনা রয়েছে।
এদিকে ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানায়, ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ ইরানের বুশেহর প্রদেশে দেশটির গ্যাস অবকাঠামোতে এই হামলা চালিয়েছে।
গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের ১২ দিনের যুদ্ধের সময়েও সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলা হয়েছিল। ইসরায়েলের ওই হামলার পর গ্যাসক্ষেত্রটির উৎপাদন আংশিকভাবে স্থগিত করতে বাধ্য হয়েছিল ইরান।
সূত্র: বিবিসি, আল-জাজিরা ও রয়টার্স































